নলডাঙ্গায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ
- আপডেট সময় : ০৮:৫৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
বিএনপি সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একদল ব্যক্তি হঠাৎ করে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্রে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান ও কাসেমসহ আরও কয়েকজন এ হামলায় জড়িত ছিলেন। তারা ভাঙচুর চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে নলডাঙ্গা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।




















