বকশীগঞ্জে বৃদ্ধ চালককে ধাক্কা দিয়ে অটোভ্যান ছিনতাই
- আপডেট সময় : ১০:১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পৌরশহরের নামাপাড়া এলাকায় আকালু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যাত্রী সেজে ওঠা এক অজ্ঞাত ব্যক্তি মাঝপথে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক ব্যক্তি যাত্রী সেজে অটোভ্যানে ওঠে। কিছু দূর যাওয়ার পর নামাপাড়া এলাকায় পৌঁছে সে চালক আকালু মিয়াকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে দ্রুত অটোভ্যানটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী আকালু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন-এর ধাতুয়া কান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
ঘটনার পর আকালু মিয়া বলেন, “আমি এ অটোভ্যান চালিয়েই আমার সংসার চালাতাম। এখন আমি কী করে খাব? সমিতির কিস্তি দেব কী দিয়ে? আমি এখন অসহায়।”
এ বিষয়ে বকশীগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, অটোভ্যান ছিনতাইয়ের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পৌর বাজার এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে ঘটনাটি গ্রামের ভেতরে হওয়ায় কোনো ফুটেজ পাওয়া যায়নি। ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।




















