ব্রিটেনের রাজা চার্লস বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন
- আপডেট সময় : ০৩:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
চিঠিতে রাজা চার্লস বলেছেন, “জাতীয় দিবসের আনন্দময় মুহূর্তে আমি ও আমার স্ত্রী রাষ্ট্রপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের দুদেশের মধ্যকার স্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করছি, যা কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত।”
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাজ্যে ছয় লাখ ৫০ হাজারের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন, যারা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে সমাজকে সমৃদ্ধ করছেন এবং দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করছেন। রাজা চার্লস বলেন, “কমনওয়েলথের বৈচিত্র্য ও তরুণ প্রজন্মের উদ্যম আশা ও অগ্রগতির অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। এই বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে আমাদের সম্মিলিত শক্তি ও ঐক্য আরও গুরুত্বপূর্ণ।”
রাজা চার্লস নভেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের সঙ্গে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আশাবাদ প্রকাশ করেছেন। জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, “আমরা একসঙ্গে পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।”
শেষে তিনি রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।




















