ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু
- আপডেট সময় : ০৩:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। গত ১৫ মার্চ এই অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। এবারের অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
অধিবেশনটি উত্তপ্ত হয়ে উঠতে পারে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ এবং ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ নিয়ে। বিরোধী দল জামায়াতসহ তাদের জোটের সদস্যরা এই বিষয়ে আলোচনা করার দাবি জানিয়েছেন। ইতোমধ্যে তারা একাধিক নোটিশ সংসদ সচিবালয়ে জমা দিয়েছেন।
অধিবেশনের দিনের কর্মসূচিতে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন কার্যালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশ্নোত্তর পর্ব। এছাড়া জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি-৭১) আওতায় প্রাপ্ত নোটিশগুলোর নিষ্পত্তিও এ সময় করা হবে।
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১২ মার্চ। প্রথম দিনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির মধ্যে ১১ জন বিএনপি ও ৩ জন জামায়াতের সদস্য রয়েছেন। ইতোমধ্যে ১১৩টি অধ্যাদেশে সরকারি ও বিরোধী দলের মধ্যে একমত হয়েছে, বাকি ২০টি অধ্যাদেশ নিয়ে কমিটির তৃতীয় বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, অধ্যাদেশ পাস না হলে ৩০ দিনের মধ্যে তা বাতিল হয়ে যাবে, তাই আগামী ১২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো পাস করতে হবে।




















