জ্বালানি তেলের পাচার রোধে এপ্রিলেই আসছে বিশেষ অ্যাপ
- আপডেট সময় : ০৪:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং এপ্রিল মাসেও সরবরাহে কোনো সমস্যা হবে না বলে নিশ্চিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, ডিজেল পাচার রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল কার্ড’ অ্যাপ চালু করা হবে।
যুগ্মসচিব জানান, গত সোমবার একদিনেই ৮৭ হাজার ৭০০ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রল। তিনি আরও উল্লেখ করেন, দেশে এ পর্যন্ত মোট ৩ হাজার ৫৫৯টি অভিযানে ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১ হাজার ২৪৪টি মামলা, ৮৪ লাখ ৫১ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জ্বালানি মজুতের তথ্য তুলে ধরে তিনি বলেন, মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত দেশে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেল, ৭ হাজার ৯৪০ মেট্রিক টন অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রল এবং ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুত আছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইনের বিষয়ে তিনি বলেন, এটি মূলত ‘মনস্তাত্ত্বিক’ বিষয়, কারণ ডিপো থেকে সরবরাহে কোনো ঘাটতি নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলএনজি এবং এলপিজি নিয়ে শঙ্কার কিছু নেই জানিয়ে তিনি বলেন, এপ্রিলের প্রয়োজনীয় সরবরাহ ইতিমধেই চলে এসেছে। এছাড়া যুদ্ধের পরিস্থিতির মাঝেও ভারত থেকে জ্বালানি তেলের আমদানি বৃদ্ধি পেয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।




















