ইরান ছাড়তে ভারতীয়দের নির্দেশ, হামলার প্রস্তুতিতে ইসরায়েল
- আপডেট সময় : ১০:৫২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, সীমিত আকারে ফ্লাইট চালু থাকায় সুযোগ কাজে লাগিয়ে দ্রুত ইরান ছাড়তে হবে। পাশাপাশি নতুন করে কাউকে ইরানে ভ্রমণ না করার জন্যও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আকাশসীমায় বিধিনিষেধ এবং বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে ইরানে অবস্থানরত ভারতীয়দের দূতাবাসের সঙ্গে সমন্বয় করে স্থলপথে নিরাপদে দেশত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা প্রস্তুত রয়েছে। তবে এ হামলা চালাতে যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় আছে তারা।
তিনি দাবি করেন, ইসরায়েলের সেনাবাহিনী আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ভবিষ্যৎ হামলা আগের তুলনায় ভিন্ন ও আরও কৌশলগত হবে, যেখানে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া

























