ইলিশ ‘কিনতে গিয়ে’ পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের ৬৪ ঘণ্টা পর মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯ টায় তেতুঁলিয়া নদীর বাতির খাল এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার সন্ধ্যা৭টার দিকে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন রাসেল।
রাসেল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেলসহ চারজন শনিবার সন্ধ্যা ৭টার দিকে ১৫ হালি ইলিশ মাছ নিয়ে কালাইয়া ফেরার পথে নৌ পুলিশের টহলরত স্পিডবোট তাদের ঘিরে ফেলে। এ সময় ভয় পেয়ে রাসেল নদীতে ঝাঁপ দেয়। অপর দুইজন পাশ দিয়ে যাওয়া খেয়াপাড়ারের নৌকায় লাফ দিয়ে সটকে পরে। ওই সময় ট্রলারচালক রাকিব ট্রলারেই থেকে যায়। এ ঘটনার দুদিন পর মঙ্গলবার সকালে তেতুঁলিয়া নদীর বাতির খাল এলাকায় রাসেলের মরদেহ ভেসে ওঠে। মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ট্রলারচালক রাকিবের অভিযোগ করে বলেন, রাকিবসহ বাকিরা ইলিশ কিনে ফিরছিল। পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেয় রাকিব। এসময় তাকে উদ্ধারের জন্য পুলিশকে বারবার বললে পুলিশ বিষয়টি গুরুত্ব না দিয়ে বলতে থাকে ‘ও সাঁতরিয়ে উঠে যাবে।’ কিন্তু অনেক খোঁজাখুঁজি করে রাসেলকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে রাকিবের মরদেহ পাওয়া গেছে।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় তেঁতুলিয়া নদীর চরওয়াডেল এলাকা থেকে মো. ইউনুচ, মো. লোকমান ও মো. মোশারফ নামের তিন জেলেকে আটক করে পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরসহ তিন পুলিশ সদস্য তাদের ফাঁড়িতে পৌঁছে দিয়ে আবারও নদীতে যাচ্ছিলেন। তখন স্পিডবোট দেখে রাসেল নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। তখনই স্পিডবোট থামিয়ে রাসেলকে উদ্ধারের চেষ্টা করা হয়।
তিনি আরও বলেন, রাসেলকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের একটি দল অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি। মঙ্গলবার সকালে তেঁতুলিয়া নদীর বাতির খাল পয়েন্টে স্থানীয়রা মরদেহটি দেখে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৩ অক্টোবর দিবাগত রাত থেকে সারা দেশে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।




















