আল-আকসায় টানা চার সপ্তাহ ধরে জুমার নামাজ বন্ধ
- আপডেট সময় : ০৪:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি ফিলিস্তিনি মুসল্লিরা।
শুক্রবার (২৭ মার্চ) জুমাকে কেন্দ্র করে জেরুজালেমর পুরনো শহর ও আল-আকসার প্রবেশপথে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সাধারণ মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়া হয় এবং আশপাশের রাস্তায় নামাজ পড়ার চেষ্টাও পুলিশি বাধার মুখে পড়ে।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর নিরাপত্তার কারণে জনসমাগম এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে শুধু ওয়াকফ দপ্তরের সীমিতসংখ্যক কর্মচারী ছাড়া কাউকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে খ্রিস্টানদের পবিত্র স্থান চার্চ অফ দ্য হলি সেপালকারও বন্ধ রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে নামাজ আদায়ের চেষ্টা করলে মুসল্লিদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অনেকেই বাধ্য হয়ে আশপাশের ছোট মসজিদে নামাজ আদায় করছেন।
এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে অভিযোগ করেছে, নিরাপত্তার অজুহাতে আল-আকসাকে মুসল্লিশূন্য করার চেষ্টা করছে ইসরায়েল। তারা এটিকে একটি গভীর ষড়যন্ত্র উল্লেখ করে ফিলিস্তিনিদের প্রতিরোধের আহ্বান জানিয়েছে।
১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এত দীর্ঘ সময় ধরে আল-আকসা বন্ধ রাখার নজির তৈরি হলো বলে বিশ্লেষকরা মনে করছেন।


























