চাঁপাইনবাবগঞ্জে ইস্টার সানডে উদযাপন করছে খ্রিষ্টান ধর্মালম্বীরা
- আপডেট সময় : ১১:৫২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ইস্টার সানডে উদযাপন করা হয়েছে। রবিবার সকাল ৭টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা লুথারেন মিশন গির্জায় বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নর্দান ইভানজেলিক্যাল লুথারেন চার্চ (বিএনইএলসি) এবং আমনুরা লুথারেন মিশন। বিশেষ প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন বিএনইএলসি রাজশাহী সার্কেল পাস্টর রেভারেন্ড রাজেন সরেন ও মন্ডলী পাস্টর সনাতন সরেন। সহযোগিতা করেন আমনুরা মিশন লুথারেন চার্চের পালক ডেভিড ধনাই হেমব্রম।
অনুষ্ঠানে আমনুরা লুথারেন মিশন, মির্জাপুর, জলাহার, ঝিনাইখোর, বড়বন, চান্দলাই গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় চারশতাধিক খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। বিশেষ প্রার্থনা শেষে সকল খ্রিস্টভক্ত আনন্দ কীর্তন করেন।
আমনুরা লুথারেন মিশন গির্জা ও কবরস্থান উন্নয়ন কমিটির সদস্য এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম জানান, আমনুরা লুথারেন মিশন চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী প্রাচীন খ্রিষ্টান প্রতিষ্ঠান। এখানে খ্রিষ্টান ধর্মালম্বীরা প্রতি রবিবারসহ অন্যান্য দিনে উপাসনা করে থাকেন। আজকের অনুষ্ঠানে পৃথিবীর সকল মানুষের কল্যাণ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং পরিত্রাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
আমনুরা মিশন যুব সংঘের সভাপতি জিহেস্কেল মুরমু বলেন, আমরা আনন্দিত যে আজকের পুনরুত্থান দিন ধর্মীয় ভাবগম্ভীর্যপূর্ণভাবে উদযাপন করতে পেরেছি।
ইস্টার সানডে উপাসনাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা করে আমনুরা লুথারেন মিশন গির্জা ও কবরস্থান উন্নয়ন কমিটি এবং আমনুরা মিশন যুব সংঘ।




















