লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী
- আপডেট সময় : ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
সম্প্রতি লেবানন-এ ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ওই হামলায় বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুর ঘটনাতেও গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছে ঢাকা।
শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক। এই ধরনের সহিংসতা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করছে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে বৈরুত-এ ইসরায়েলি হামলায় দিপালী বেগমের মৃত্যুকে মর্মান্তিক উল্লেখ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সরকার শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
এছাড়া জানানো হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পরিস্থিতি অনুযায়ী তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

























