চাঁনখালী খালে সেতু নির্মাণের দাবি স্থানীয়দের
- আপডেট সময় : ০১:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার সংযোগস্থল চাঁনখালী খাল-এর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিন ধরে সেতু না থাকায় প্রতিদিন নৌকায় ঝুঁকি নিয়ে হাজারো মানুষ পারাপার করছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আনোয়ারা ফাউন্ডেশনের ব্যানারে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি নাছির উদ্দীন আহমদ শাহ্ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরী।
সভায় বক্তারা বলেন, চামুদরীয়া ঘাট এলাকায় চাঁনখালী খালের ওপর ‘ওয়াই টাইপ’ সেতু নির্মাণ করা হলে পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে, সময় ও ব্যয় উভয়ই কমবে। একই সঙ্গে আনোয়ারা শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও গতিশীল হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
তারা আরও বলেন, বর্তমানে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছেন এবং বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। তাই জননিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে দ্রুত সেতু নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হোক।




















