পালানোর সময় নিজেদের গুলিতে আহত ডাকাত, পাইপগান ও গুলি উদ্ধার
- আপডেট সময় : ০৫:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়েছে একটি ডাকাতদল। এসময় পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ছোড়া গুলিতে তাদেরই এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার বাউরভাগ গ্রামের মাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই ডাকাত সদস্যের নাম সৈয়দ শামসুর রহমান ওরফে আতিক। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় হলেও বর্তমানে তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বসবাস করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কার মধ্যে কয়েকজন গ্রামবাসী টর্চলাইট নিয়ে মাছ শিকার করছিলেন। এসময় স্থানীয় বাসিন্দা সাজ্জাদ মিয়া কবরস্থানের পাশে অন্ধকারে ৪-৫ জন অপরিচিত ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি দ্রুত সেখান থেকে সরে গিয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান।
পরে কয়েকজন গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন এলাকাবাসী ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করলে আরও মানুষ জড়ো হয়ে যায়। একপর্যায়ে ধাওয়া করে পালিয়ে যাওয়া পাঁচ সদস্যের ডাকাতদলের একজনকে কাদামাটির মধ্যে আটক করে গণপিটুনি দেন গ্রামবাসী।
এসময় ডাকাত দলের অন্য সদস্যরা গ্রামবাসীকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে। তবে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রামবাসীর হাতে আটক ওই ডাকাতের শরীরেই লাগে। পরে তার কাছ থেকে একটি পাইপগান ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের জানান, পালিয়ে যাওয়া ডাকাতদলের সদস্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















