জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যে দেশের নাগরিকদের জন্য হেলথ কার্ড দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন বছরে জাতিকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে কৃষক কার্ড দেওয়া হচ্ছে এবং আগামী জুনের মধ্যে হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে। পাশাপাশি আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দও বাড়ানো হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বিশেষ বরাদ্দ, টিআর-কাবিখা এবং খাল খননসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে ৩০টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম চালাচ্ছে। আগামী ২০ তারিখ থেকে সারা দেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, দ্রুত পদক্ষেপের কারণে হামের সংক্রমণ ও মৃত্যুহার কমে এসেছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।




















