সৌদি থেকে ১ লাখ টন তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রামের পথে
- আপডেট সময় : ১২:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
এমটি নিনেমিয়া নামের একটি ট্যাংকার সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে। জাহাজটি আগামী ৪ বা ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানিয়েছেন, জাহাজটি ইয়ানবু বন্দর থেকে যাত্রা করে লোহিত সাগর হয়ে আসছে। আঞ্চলিক উত্তেজনার কারণে এটি হরমুজ প্রণালি এড়িয়ে চলায় রুট পরিবর্তন করা হয়েছে। তবে এতে নির্ধারিত সময়ের মধ্যেই তেল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এই চালানকে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে ‘নর্ডিক পোলাক্স’ নামের আরেকটি জাহাজে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল থাকলেও এটি এখনো হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। ইরানের বিশেষ অনুমতি না পাওয়ায় জাহাজটি এখনও বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার বড় অংশই আমদানি নির্ভর। ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন ক্রুড অয়েল পরিশোধন করে, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পূরণ করে।
২০২৪-২০২৫ অর্থবছরে দেশে ৬৮ লাখ টনের বেশি জ্বালানি তেল বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে পরিবহন খাতে, এরপর রয়েছে শিল্প, কৃষি, বিদ্যুৎ ও অন্যান্য খাত। ডিজেলই সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি, এরপর ফার্নেস অয়েল, জেট ফুয়েল, পেট্রল ও অকটেন।




















