এনসিপি থেকে সম্পর্ক ছিন্ন করলেন নেত্রী নীলা ইস্রাফিল, দলীয় নেতৃত্বের নিরবতায় ক্ষোভ
- আপডেট সময় : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
বিপিসি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। দলটির অভ্যন্তরে চলমান অনিয়ম, অপরাধীদের বিচার না হওয়া এবং নারীদের প্রতি সহিংসতা বা হেনস্তার ঘটনায় নেতৃত্বের নিরবতা তিনি এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছেন।
রবিবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নীলা ইস্রাফিল বলেন, “দলের ভেতরে যেভাবে অপরাধীদের আশ্রয় দেওয়া হয় এবং নারীর প্রতি সহিংসতার ঘটনায় বারবার নেতৃত্ব নীরব থাকে—তা আমি আর সমর্থন করতে পারি না। নৈতিক অবস্থান থেকেই আমি এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি।”
তিনি আরও দাবি করেন, দলটির শীর্ষ পর্যায়ের কেউ কেউ ইচ্ছাকৃতভাবে অভিযোগ এড়িয়ে যান এবং ভুক্তভোগীদের চাপে রাখার চেষ্টা করেন। তার ভাষায়, “এই দল এখন আর জনগণের বা নারীর অধিকার রক্ষার জায়গা নয়।”
এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, নীলা ইস্রাফিল ছিলেন এনসিপির একজন কেন্দ্রীয় মুখপাত্র এবং নারী অধিকার ইস্যুতে দলের অন্যতম সক্রিয় কণ্ঠ।




















