দশম গ্রেডে নিয়োগ সুপারিশের প্রতিবাদে তেজগাঁও সাতরাস্তা অবরোধ, তীব্র যানজট
- আপডেট সময় : ০৪:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সংক্রান্ত একটি সুপারিশের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সাতরাস্তা মোড় দিয়ে চলাচলরত সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক একটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সাতরাস্তা মোড় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল। অবরোধের কারণে বিজয়নগরসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। মহাখালীর দিক থেকে আসা যানবাহন বিকল্প ডাইভারশন দিয়ে চলাচল করানো হচ্ছে।
এদিকে সড়ক অবরোধের ফলে কর্মস্থলগামী যাত্রী, অফিসগামী মানুষ এবং চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যানবাহন দীর্ঘ সময় আটকে থাকতে দেখা গেছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে—এমন তথ্য পাওয়ার পর তারা আন্দোলনে নামেন। তাদের দাবি, এই সুপারিশ বাস্তবায়িত হলে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হয়ে পড়বে। তাই অবিলম্বে এই সুপারিশ বাতিল করতে হবে।
কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, “সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ রয়েছে। কিন্তু বর্তমান সরকার উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বলে আমরা জানতে পেরেছি। এই সুপারিশ বাতিল না করা হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।




















