জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল
- আপডেট সময় : ০৬:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছেন কর্মজীবী সচেতন নারীরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এই_db আন্দোলনের মাধ্যমে তারা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার রক্ষার দাবি জানান।
দুপুরে বেলকুচি উপজেলার সোহাগপুর নূতনপাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া ঝাড়ু মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা হাতে ঝাড়ু, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যার মাধ্যমে তারা তাদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।
মিছিলে ‘চাইতে গেলাম অধিকার—জামায়াত বলে বেশ্যা’, ‘চাইলাম হিস্যা—হয়ে গেলাম বেশ্যা’সহ নানা স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা বলেন, কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর ও অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মিছিলে অংশ নেওয়া ফাতেমা, হালিমা ও দিলরুবাসহ অন্যান্য নারীরা বলেন, নারীরা সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান থাকা সত্ত্বেও তাদের নিয়ে এমন বক্তব্য নারীর মর্যাদাকে ক্ষুণ্ন করে। তারা দাবি করেন, কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে সোচ্চার হতে হবে।
নারীরা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি কর্মজীবী নারীদের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অবমাননাকর এবং নারীদের প্রতি চরম অসম্মানজনক। ওই বক্তব্যের প্রতিবাদ জানাতেই তারা শান্তিপূর্ণভাবে ঝাড়ু মিছিল কর্মসূচি পালন করেছেন।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ঝাড়ু মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহাগপুর নূতনপাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।




















