মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, সিএনজি চালক আটক
- আপডেট সময় : ১০:৫৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
বিপিসি ডেস্ক: কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদস্যরা মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় এক সিএনজি চালককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. আরিফ (৩৬)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার শাখিড়া বাজার শলিরচড় এলাকার বাসিন্দা এবং মো. মতিনের ছেলে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোর্টবাজার এলাকায় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাওয়া করে। পরে অটোরিকশাটি মরিচ্যা চেকপোস্টে এনে তল্লাশি চালানো হলে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার হয়।
অভিযান প্রসঙ্গে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় সর্বদা সতর্ক। চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।




















