ইসরায়েল ধ্বংসে ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বলেননি কিম জং উন
- আপডেট সময় : ০২:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি বাংলাদেশি গণমাধ্যমে সম্প্রতি দাবি করা হচ্ছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন—ইরান অনুরোধ করলে তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে এবং ইসরায়েলকে ধ্বংস করতে একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট।
তবে যাচাই করে দেখা গেছে, এই দাবি ভিত্তিহীন। কিম জং উনের এমন কোনো বক্তব্যের নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি প্রথম প্রকাশ করে “China.live” নামের একটি এক্স (টুইটার) হ্যান্ডেল। ৩ মার্চ রাত ১টা ২৫ মিনিটে দেওয়া ওই পোস্টে ইংরেজিতে দাবি করা হয়—“Kim Jong Un: ‘If Iran asks, we will provide it with missiles against Israel. One missile is enough to erase it.’” কিন্তু পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
“China.live” নামে কোনো স্বীকৃত সংবাদমাধ্যমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি; এটি কেবল একটি এক্স হ্যান্ডেল। একই বক্তব্য পরে “Chinavtv” নামে একটি ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়, সেখানেও কোনো নির্ভরযোগ্য সূত্র দেওয়া হয়নি। এই নামেও কোনো প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ–এর ওয়েবসাইটে ১ মার্চ প্রকাশিত একটি বিবৃতিতে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয় এবং এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।
তবে ওই বিবৃতির কোথাও ইরান চাইলে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে বা একটি ক্ষেপণাস্ত্রেই ইসরায়েল ধ্বংস করা সম্ভব—এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে বলা যায়, কিম জং উন ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তুতির কথা বলেছেন—এমন দাবি সঠিক নয় এবং এর পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।




















