মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ভিডিও বার্তা নেতানিয়াহুর, ইরানের বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত
- আপডেট সময় : ০৯:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ভিডিও বার্তা দিয়ে আবারও আলোচনায় এসেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধে অভিযুক্ত এই নেতা ভিডিও বার্তায় ইরান-এর বিরুদ্ধে যুদ্ধের কথা উল্লেখ করে বলেছেন, সম্ভাব্য সংঘাত পরিচালনার জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে।
ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, যুদ্ধ শুরু করা তাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল। তবে তিনি স্বীকার করেন, যেকোনো যুদ্ধ পরিচালনা করতে বিপুল পরিমাণ অর্থ লাগে। তিনি বলেন, “কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু, এক্ষেত্রে বড় বিষয় হলো—যুদ্ধে অনেক অর্থ লাগে, অনেক অর্থ।”
এ সময় তিনি আরও জানান, যুদ্ধ পরিচালনা এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বিশেষ বাজেট প্রয়োজন হবে। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, এ লক্ষ্যে কয়েক বিলিয়ন শেকেল অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হবে প্রতিরক্ষা খাতে।
তিনি বলেন, “এ কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন। কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য এই যুদ্ধের জন্য।”
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই বক্তব্য নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েল ও ইরান-এর মধ্যে দীর্ঘদিনের বৈরিতা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়ে উঠেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সরকার বিশেষ প্রতিরক্ষা বাজেট ঘোষণা করার পরিকল্পনা করছে। এতে সামরিক সক্ষমতা বাড়ানো এবং যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হতে পারে।


























