মধ্যপ্রাচ্যে ২ হাজার মার্কিন সেনা মোতায়েন, সমঝোতার পথে ট্রাম্প!
- আপডেট সময় : ১০:৪৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া উত্তেজনার মধ্যেই সামরিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মেজর জেনারেল ব্র্যান্ডন আর. টেগটমেইয়ার মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ২ হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথেও হাঁটছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে চলমান আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে, একটি সমঝোতা চুক্তি খুব কাছাকাছি রয়েছে।
এদিকে সংঘাতের আবহ কাটিয়ে আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিয়েছে ইরানও। একটি ইরানি সূত্র সিএনএন-কে জানিয়েছে, যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি টেকসই প্রস্তাব শুনতে তেহরান এখন প্রস্তুত। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ যুদ্ধের উত্তেজনা প্রশমনে কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।


























