লুজিয়ানায় বাবার গুলিতে ৭ সন্তানসহ ৮ শিশু নিহত
- আপডেট সময় : ১২:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্ট শহরে এক মর্মান্তিক ঘটনায় নিজের সাত শিশু সন্তানসহ মোট আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রোববার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, ৩১ বছর বয়সী শামার এলকিন্স তিনটি আলাদা বাড়িতে গিয়ে এলোপাতাড়ি গুলি চালান। নিহতদের মধ্যে সাতজন তার নিজের সন্তান এবং অপর একজন তাদের আত্মীয় শিশু।
নিহত শিশুদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজন ছেলে ও পাঁচজন মেয়ে রয়েছে। এ ঘটনায় আরও একটি শিশু প্রাণে বাঁচতে ছাদ থেকে লাফ দিলে তার কয়েকটি হাড় ভেঙে যায়, তবে সে বর্তমানে আশঙ্কামুক্ত।
শুধু শিশুরাই নয়, হামলায় আরও দুজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজন হামলাকারীর স্ত্রী এবং অন্যজন আত্মীয়। প্রথমে নিজের স্ত্রীকে গুলি করার পর তিনি অন্য দুটি বাড়িতে গিয়ে সন্তানদের ওপর হামলা চালান। নিহত অষ্টম শিশুটির মা গুরুতর আহত অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
ঘটনার পর পুলিশ পৌঁছে হামলাকারীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়ায়। এতে শামার এলকিন্স গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ আরও জানায়, ২০১৯ সালেও একটি ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় একটি স্কুলের সামনে গুলি চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এছাড়া তিনি ২০২০ সালের আগস্ট পর্যন্ত সাত বছর লুইজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন, যদিও তাকে কখনো মোতায়েন করা হয়নি।
২০২৪ সালের জানুয়ারির পর এটিকে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বন্দুক হামলার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সূত্র: The Guardian


























