মসজিদের ৫০০ মিটার দুরত্বের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করলো সৌদি আরব
- আপডেট সময় : ০৩:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
সৌদি আরবের পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় নতুন একটি নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে কোনো ধরনের তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না।
দেশটির সরকার জানায়, ইসলামের পবিত্রতা রক্ষা এবং তরুণ প্রজন্মকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নতুন নীতিমালা সৌদি সরকারের জনস্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অংশ। এর মাধ্যমে ধূমপানের ক্ষতিকর প্রভাব হ্রাস, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নগর এলাকায় একটি সুশৃঙ্খল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
নির্দেশনায় বলা হয়, সিগারেট, শীশা ও ই-সিগারেটসহ সব ধরনের তামাকজাত পণ্যের দোকানকে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে। এসব দোকানে থাকতে হবে বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌরসভা লাইসেন্স।
নতুন নিয়ম অনুযায়ী, তামাক বিক্রির দোকানগুলোকে বাণিজ্যিক ভবনের ভেতরে কমপক্ষে ৩৬ বর্গমিটার জায়গা দখল করে থাকতে হবে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ চাইলে অতিরিক্ত কিছু শর্ত আরোপ করতে পারবে।
তামাকজাত পণ্যের দোকানে বাইরে কোনো তামাক ব্র্যান্ডের লোগো, পোস্টার বা বিজ্ঞাপন প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র দোকানের নাম ঝুলানো যাবে। ফুটপাত দখল করে বা খোলা স্থানে পণ্য প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিটি দোকানে অভ্যন্তরীণ ও বহিরাগত সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
সব ধরনের তামাক পণ্যকে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (SFDA)-র নির্ধারিত মান অনুযায়ী উৎপাদন ও বিক্রি করতে হবে। প্রতিটি পণ্যে ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত সতর্কবার্তা স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে এবং সব পণ্য সিল প্যাকেট আকারে বিক্রি করতে হবে।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, তামাকজাত পণ্যের ক্ষেত্রে কোনো ছাড়, উপহার, প্রোমোশন বা টেস্টিং কার্যক্রম চালানো যাবে না। ভেন্ডিং মেশিনের মাধ্যমেও তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদ ও ধর্মীয় স্থানের আশেপাশে ধূমপান বা তামাক বিক্রি ইসলামি দৃষ্টিকোণ থেকেও অগ্রহণযোগ্য। ইসলামি পরিবেশ সংরক্ষণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।























