ফেসবুকে ছবি দিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার কেয়া পায়েল
- আপডেট সময় : ০২:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এবার সোশ্যাল মিডিয়ার ট্রলের শিকার হলেন একটি চুমু খাওয়ার ছবি পোস্ট করে। ছবিতে দেখা যাচ্ছে নিজের ছোট ভাইকে স্নেহের আদরে চুমু দিচ্ছেন কেয়া।
গত ২৭ সেপ্টেম্বর ছোট ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি শেয়ার করেন কেয়া। এর মধ্যেই একটি ছবিতে ভাইকে আদর করে চুমু দিতে দেখা যায় তাকে। আর সেই ছবিকে ঘিরেই নেটিজেনদের একাংশের কুরুচিকর মন্তব্য শুরু হয়।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন কেয়া। ফেসবুকে এক পোস্টের মন্তব্যে লেখেন, ‘কোনো কিছু না জেনে বিচার করবেন না। সে আমার ছোট ভাই। আমরা তিন ভাইবোন, ওরা আমার পৃথিবী।’
গণমাধ্যমে ট্রল প্রসঙ্গে কেয়া বলেন, ‘আমরা তিন ভাইবোন। আমি সবার বড়। ছোট ভাই দ্বীপ (আরিয়ান আদভান) কলেজে পড়ে, আর এক বোনের বয়স ৬ বছর। ওদের নিয়েই আমার সব কিছু। জন্মদিনে যত ব্যস্ততাই থাকুক, দিনটা সবসময়ই তাদের জন্য বিশেষ করে রাখি।’
অভিনেত্রী জানান, প্রায়ই পরিবারের সঙ্গে বের হন, ঘোরাঘুরির ছবি ফেসবুকে দেন। এবারও সেটাই করেছেন। কিন্তু কিছু মানুষের মন্তব্য দেখে তিনি বিস্মিত ও কষ্ট পেয়েছেন।
‘ভাইকে জন্মদিনে চুমু দিয়ে শুভকামনা জানিয়েছি। ছবিটা আমাদের কাছে খুব মিষ্টি স্মৃতি। অথচ সেটি নিয়েই আমাকে ট্রল করা হচ্ছে, যা নোংরা মানসিকতার বহিঃপ্রকাশ’- যোগ করেন কেয়া।
মন খারাপ করে কেয়া বলেন, ‘আমি তো লিখেই দিয়েছি সে আমার ছোট ভাই। তারপরও বিকৃত মন্তব্য করছে কিছু মানুষ। এদের বিন্দুমাত্র কমনসেন্স নেই। শুধু লিখতেই হবে বলে লিখে যাচ্ছে।’
গেল কোরবানির ঈদে কেয়া পায়েল অভিনীত নাটক ‘সম্মান’ অন্তর্জালে ব্যাপক প্রশংসিত হয়। শিক্ষকের প্রতি এক ছাত্রের সম্মান প্রদর্শনের অনন্য গল্পে নির্মিত সেই নাটকে কেয়ার বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।


























